![]()
টানা দুই মাস কাঁচা চা পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাত কারখানা বন্ধ থাকার পর মার্চে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে আবার শুরু হয়েছে সমতলের চা পাতা সংগ্রহ। মৌসুমের শুরুতেই চায়ের দাম নিয়ে এসেছে চাষিদের জন্য সুখবর। সংশ্লিষ্টরা বলছেন, গত আট বছরের মধ্যে এবারই সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে কাঁচা চা পাতা। তবে চা বাগানগুলোতে আলাদাভাবে সার বরাদ্দ না থাকায় চাষিরা এখনও দুশ্চিন্তায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়ের চা বাগানগুলোতে পরিচর্যার পাশাপাশি পাতা উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। গত মৌসুমে প্রতি কেজি চা পাতা ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও, এখন কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন এই দাম পেয়ে খুশি চাষিরা।
তবে তারা চা পাতার ওজনে কর্তন বন্ধ এবং সিন্ডিকেটমুক্ত চা শিল্প গড়ে তোলার দাবিও জানিয়েছেন। এছাড়া উত্তরের সমতলের চা বাগানগুলোতে আলাদা সার বরাদ্দ না থাকায় চাষিরা সমস্যায় রয়েছেন।
পঞ্চগড় সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের চা বাগান মালিক নাসিম সময় সংবাদকে বলেন, গত বারের তুলনায় এবার আমরা ভালো দাম পাচ্ছি। তাই বাগানগুলোতে ভালো পাতার আশায় যত্নসহকারে কাজ করছি। আশা করি এই দাম অব্যাহত থাকবে।
একই এলাকার বাগান মালিক তসলিম উদ্দীন সময় সংবাদকে বলেন, এর আগে আমরা অনেক লোকসানে পড়েছি। লোকসান হওয়ায় একসময় বাগান নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তবে এবার বাজার ভালো আছে। সব থেকে বড় সমস্যা হলো চা বাগানগুলোর জন্য আলাদা সার বরাদ্দ পাওয়া যাচ্ছে না। চা বোর্ড ও সরকার যদি এই সমস্যার দিকে নজর দেন, আমাদের জন্য অনেক উপকার হবে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় উৎপাদিত হয়েছে ২ কোটি ২ লাখ ৪২ হাজার ৫২ কেজি চা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৮ লাখ ৫১ হাজার কেজি বেশি।
পঞ্চগড়ের জেডএইচ চা কারখানার ম্যানেজার মঞ্জুর আলম সময় সংবাদকে বলেন, চাষিদের উদ্যোগে এখন ২০১৭-১৮ সালের চায়ের স্বর্ণযুগ আবার ফিরে এসেছে। তারা ভালো চা পাতা দিচ্ছেন এবং দামও ভালো পাচ্ছেন। যদি এটা অব্যাহত থাকে, এই অঞ্চলের চা আরও জনপ্রিয়তা পাবে।
তিনি আরও বলেন, চাষিরা যদি ভালো মানের চা পাতা দিতে পারে, আমরা সেটি ভালো মানের চা উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারব এবং বর্তমান বাজার ধরে রাখতে পারব।
বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন সময় সংবাদকে জানান, সিলেট ও চট্টগ্রামের পর উত্তরাঞ্চল এখন দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিত। উৎপাদনের দিক থেকে টানা পঞ্চমবারের মতো এটি দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কাঁচা চা পাতার গুণগত মান নিশ্চিত করলে চাষিরা আরও ভালো দাম পাবেন।
বাংলাদেশ সময়: ১২:০৬:০৮ ১০ বার পঠিত