বুধবার, ১৮ মার্চ ২০২৬

এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
বুধবার, ১৮ মার্চ ২০২৬



এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

প্রথম লেগ সমতায় শেষ হলেও দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তনে বায়ার লেভারকুসেনকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্সেনাল। গানারদের জয়ের নায়ক এবেরেচি এজে ও ডেকলাইন রাইস।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে লেভারকুসেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের পর্বে যাত্রা করলো তারা।

ম্যাচের অন্যতম নায়ক এজে ম্যাচের ৩৬তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে লেভারকুসেনের জাল কাঁপান। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে এজের প্রথম গোল, আর সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শুরুর দিকে লেভারকুসেন গোলরক্ষক জ্যানিস ব্লাসউইচ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। লিয়ান্দ্রো ট্রোসার্ডের পর ডেকলাইন রাইসের প্রচেষ্টাও রুখে দেন তিনি। তবে শেষ পর্যন্ত এজের দুর্দান্ত শটে পরাস্ত হন এই জার্মান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় আর্সেনাল। ৬৩ মিনিটে লেভারকুসেনের দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে নিখুঁত নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রাইস। এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা।

লেভারকুসেন দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ দিকে ক্রিস্টিয়ান কোফানের শট দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক দাভিদ রায়া।

প্রথম লেগে ১-১ ড্র করা লেভারকুসেনকে এবার ঘরের মাঠে একতরফা হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিলো আর্সেনাল। পুরো ম্যাচে ২০টি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। যার মধ্যে ১৩টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ১০ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল লেভারকুসেন।

মিকেল আর্তেতার অধীনে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল লিগ কাপের ফাইনালে আগামী রোববার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ১১ বার পঠিত