
‘মঞ্চে যারা বড় বড় কথা বলতেছেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করিয়ে দিতে চাই। বড় বড় বক্তৃতা দিলেই সমস্যার সমাধান হবে না। দায়িত্ব নিয়ে ভালো ভালো কাজ করে দেখাতে হবে। আমার নির্বাচনি এলাকায় কেউ যেন দুর্বৃত্তায়ন করতে না পারে, কোনো দুর্নীতি করতে না পারে। সরকারি মদতে, আমার (শামা ওবায়েদ) নাম ব্যবহার করে কেউ যেন কোনো অন্যায্য কাজ করতে না পারে। এই জন্য সব গুলো সরকারি অফিসে চিঠি দিয়ে, জানিয়ে দিয়েছি।’
নিজ দলের নেতাকর্মীদের ঠিক এই ভাষাতেই কড়া বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, আমি সারা জীবন মানুষের সেবা করতে চাই। দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত একটি উন্নত সমাজ গড়তে চাই। কিন্তু আমার আশে পাশের কেউ যদি আমার এই কাজে ব্যাঘাত ঘটায়, সেবা দান করতে বাধা দান করে, তাদের কাউকে আমি ছাড়ব না।
সোমবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি এমএন একাডেমী মাঠে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায়, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৩ ৭ বার পঠিত