![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চল আজ শোকে স্তব্ধ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন পূর্ব চর শালেপুর গ্রামের প্রবাসী নারী দিপালী, বয়স ৩৪। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার ও দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার ৮ এপ্রিল বৈরুতের নিজ এলাকায় কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে আকস্মিক বোমা হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই হামলায় কফিল ও তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও জানা গেছে।
নিহত দিপালী ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। জীবিকার তাগিদে ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি লেবাননে পাড়ি জমান।
বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়ায় কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আজ শনিবার সকাল ১২টায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার সহায়তা দেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক ফরিদপুর আশিক সিদ্দিকী জানান, খুব দ্রুত মরদেহ দেশে আনা হবে। পাশাপাশি দাফন ও যাতায়াত ব্যয় বাবদ ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
নিহতের বোন লাইজু জানান, দিপালী অবিবাহিত ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণে বিদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু জীবনের নির্মম পরিণতিতে আজ ফিরবেন লাশ হয়ে।
বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৮ ১১ বার পঠিত