![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে বকশীগঞ্জের তিনানীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা।
অভিযুক্ত জামরুল মিয়া দীর্ঘ দিন ধরে তিনানীপাড়া এলাকায় ‘পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশন’-এর সামনে তার নিজস্ব দোকানে পাম্প থেকে তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ ছিল, তিনি সুযোগ বুঝে সাধারণ ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে এই তেল বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অভিযোগের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা সংবাদমাধ্যমকে জানান, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা এবং অতিরিক্ত দামে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জামরুল মিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সময়: ২৩:৪৬:২০ ৩৯ বার পঠিত