![]()
বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে ভোজ্য তেল মজুদ ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের বন্দর বাজারে উপজেলা প্রশাসন, র্যাব ও পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করা করেন। ভোক্তা অধিকার রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান তারা।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ ভোজ্য তেল সংরক্ষণের চিত্র উঠে আসে।
ময়লা-আবর্জনার মধ্যে প্রায় ২ হাজার ৬০০ লিটার তেল মজুদের প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৪ ১৮ বার পঠিত