![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিচালিত এই অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন মজুদ রাখায় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার মেসার্স তানভীর এন্টারপ্রাইজে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ অবস্থায় পাওয়া যায়। পলিথিনের এই ব্যবহার ও মজুদ পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ পলিথিন মজুদ করা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক)-এর স্পষ্ট লঙ্ঘন করেছে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ। তাই পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ১৫(১)-এর টেবিলভুক্ত ক্রমিক নং ৪(খ) অধীনে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, পরিবেশ রক্ষায় এবং দূষণ নিয়ন্ত্রণে পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনোভাবেই নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ বা মজুদ সহ্য করা হবে না।
অভিযান শেষে জব্দকৃত পলিথিনগুলো আইন অনুযায়ী ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৬:০৬ ৪১ বার পঠিত