বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার লম্পট প্রতিবেশী চাচা শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার সময় বাধা দিলে ওই গৃহবধূর শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। গত ২০ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের উদেরপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) ভুক্তভোগী নারীর​ অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উদেরপাড়া গ্রামের ইরাক প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী ৩ সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। স্বামী বিদেশে থাকার সুযোগে তার প্রতিবেশী মৃত ইসরাফীল শেখের ছেলে শামীম মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় শামীম তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। চক্ষুলজ্জার ভয়ে গৃহবধূ বিষয়টি আগে কাউকে জানাননি।

​গত ২০ এপ্রিল রাতে ওই গৃহবধূ সন্তানদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলে, বিবাদী শামীম মিয়া কৌশলে ঘরে প্রবেশ করে ওত পেতে থাকে। একপর্যায়ে সে গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। গৃহবধূ বাধা দিলে এবং অনুনয়-বিনয় করলে শামীম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা তরকারি কাটার বটি হাতে নিয়ে তার শিশু সন্তানকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। অসহায় অবস্থায় গৃহবধূ চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

​গৃহবধূর চিৎকারে আমিনুর ইসলাম, রমজান আলী ও মর্জিনা বেগমসহ স্থানীয়রা এগিয়ে আসলে শামীম মিয়া দ্রুত ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে ঘর থেকে বের হতে দেখলেও অবস্থা বেগতিক দেখে সে কৌশলে চম্পট দেয়।

​ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সাথে আলোচনা করতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে তিনি ও তার সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত রয়েছেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

​এদিকে স্থানীয়রা জানান, একজন প্রবাসীর স্ত্রীর সাথে এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। তারা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

​বিভিন্ন সূত্রে জানা গেছে, থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শামীম স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে বিষয়টি রফাদফা ও মীমাংসা করার চেষ্টা চালাচ্ছে।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪   ৩৬১ বার পঠিত