
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নে বজ্রপাতে দুটি মহিষ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আব্দুল হান্নান নামে এক প্রান্তিক কৃষক। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ডৌয়াতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আকাশ মেঘলা হয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে কৃষক আব্দুল হান্নানের মাঠে ঘাস খাওয়ারত দুটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। মহিষ দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে।
সম্পদ হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক আব্দুল হান্নান। তিনি জানান, মহিষ দুটিই ছিল তার আয়ের প্রধান উৎস এবং পরিবারের বড় সম্বল। হঠাৎ এই দুর্ঘটনায় তিনি এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন।
”আমার সব শেষ হয়ে গেল। এই মহিষ দুটির ওপর নির্ভর করেই আমার সংসার চলত। এখন আমি কী করে চলব, সেই দিশা পাচ্ছি না।”
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আব্দুল হান্নানের বাড়িতে ভিড় জমান। অবলা প্রাণী দুটির এভাবে মৃত্যুতে এবং দরিদ্র কৃষকের এত বড় ক্ষয়ক্ষতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত এই কৃষকের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:৩৮:০৪ ২৩ বার পঠিত