![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষদের চারজন সদস্যের আনা সাম্প্রতিক অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি ওই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন, কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য বাবলু মিয়া এবং সংরক্ষিত নারী সদস্য জেসমিন আক্তার ও রওশনারা পারভীন পরিষদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এরই প্রেক্ষিতে সত্যতা নিশ্চিত করতে তথ্য-প্রমাণসহ পাল্টা বক্তব্য তুলে ধরেন প্যানেল চেয়ারম্যান।
নজরুল ইসলাম ও জেসমিন আক্তারের তোলা টিআর (TR) প্রকল্পের অনিয়ম প্রসঙ্গে মিনারা বেগম বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের ১৬টি প্রকল্পের কাজ স্ব-স্ব সভাপতির তত্ত্বাবধানে বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে। ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে ক্রস চেকে বিল উত্তোলন করা হয়, যেখানে সচিব বা চেয়ারম্যানের একক হস্তক্ষেপের কোনো আইনি সুযোগ নেই।
বাবলু মিয়ার ‘সম্মানি পাননি’ এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে তিনি বলেন, পরিষদের রেজিস্টার খাতা পর্যালোচনা করলেই দেখা যাবে তিনি নিয়মিত সম্মানি গ্রহণ করেছেন এবং সেখানে তার স্বাক্ষর সংরক্ষিত আছে।
রওশনারা পারভীনের অভিযোগকে ‘সাজানো নাটক’ উল্লেখ করে মিনারা বেগম জানান, প্রতিটি মিটিংয়ে প্রতিনিধি নির্ধারণ করা হয় সরকারি দাপ্তরিক নিয়ম মেনেই। তাদের এই অভিযোগ “প্রতিষ্ঠানকে বিতর্কিত করার অপচেষ্টা”ছাড়া আর কিছু নয়।
প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম আরও বলেন, “একটি সম্মানজনক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই এই ধরনের বানোয়াট বক্তব্য ছড়ানো হচ্ছে। আমাদের কাছে প্রতিটি কাজের স্বচ্ছ নথিপত্র ও ভাতার স্বাক্ষর সম্বলিত রেজিস্টার বিদ্যমান। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই পরিষদের স্বচ্ছতা নষ্ট করার অধিকার কারো নেই।”
সংবাদ সম্মেলনে পরিষদের অন্যান্য ওয়ার্ডের সদস্যরাও উপস্থিত থেকে প্যানেল চেয়ারম্যানের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। পরিশেষে, সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনবিভ্রান্তি দূর করার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:৫২:২৭ ৬৫ বার পঠিত