
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ার প্রত্যয়ে এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ সকালে ডিসি অফিস থেকে চানমারী পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে এ কার্যক্রমের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিসি অফিস থেকে চানমারী পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে এ কার্যক্রমের মাধ্যমে পরিবর্তন করা হয়।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কার্যক্রমে সড়ক ও এর আশপাশের বিভিন্ন পয়েন্টে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন “নিউজটুনারায়ণগঞ্জ”কে বলেন, “পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে:
যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সর্বদা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।
বাড়িঘর ও আশপাশের এলাকায় কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
প্রশাসনের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমেই অচিরেই নারায়ণগঞ্জ একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বসবাস উপযোগী নগরীতে রূপ নেবে।
বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৮ ১৪ বার পঠিত