
শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্টরা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নারায়ণগঞ্জে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় জেলা প্রশাসক বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। শিশুরাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাই তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।
তিনি বলেন, শিশুদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। বড়রা যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে সচেতনতা তৈরিতেও শিশুদের উৎসাহিত করা যেতে পারে।
সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এতে তাদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেসা বেগম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৭:১৩:৫২ ১১ বার পঠিত