বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-উপলক্ষে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা),জেলা তথ্য কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ বছরের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। তিনি আগামী প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টিজ্ঞান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টির গুরুত্ব অপরিসীম। তিনি দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির সঠিক মান বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৯   ৩৬ বার পঠিত