বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় দুই ব্যবসায়ীর ওপর হামলা, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় দুই ব্যবসায়ীর ওপর হামলা, থানায় অভিযোগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় দুই ব্যবসায়ীর ওপর হামলা, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে এই ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে সানাকৈর বাজারে ‘মেসার্স ঈমাম মটরস’-এর মালিক ওয়াজেদ আলী তার দোকানে যাচ্ছিলেন। পথে সন্তোষ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযুক্ত শান্ত মিয়া ও রিপন মিয়ার দেখা হলে ওয়াজেদ আলী তাদের কাছে পাওনা ২ হাজার ৪০০ টাকা দাবি করেন।

টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শান্ত মিয়া ও রিপন মিয়াসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওয়াজেদ আলীর ওপর হামলা চালায়। এসময় নিকটস্থ মনোহারি ব্যবসায়ী আব্দুল জলিল (৪২) মারামারি থামাতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, রিপন মিয়ার আঘাতে আব্দুল জলিল রক্তাক্ত জখম হন।

হামলায় গুরুতর আহত আব্দুল জলিল ও ওয়াজেদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীদের দাবি, তাদের শরীরের বিভিন্ন স্থানে এবং চোখের নিচে গুরুতর জখম করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় তাদের প্রাণনাশের হুমকি দেয় বলেও তারা অভিযোগ করেন।

এই ঘটনায় আহত ব্যবসায়ী আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সানাকৈর পূর্বপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শান্ত মিয়া ও সন্তোষ মিয়ার ছেলে রিপন মিয়াসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:৫০:১২   ২২৬ বার পঠিত