শুক্রবার, ১ মে ২০২৬

নারায়ণগঞ্জে ৬টি ওয়ান শুটারগান, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৬টি ওয়ান শুটারগান, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
শুক্রবার, ১ মে ২০২৬



নারায়ণগঞ্জে ৬টি ওয়ান শুটারগান, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি ৬টি ওয়ান শুটারগান, শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের একটি দল।

শুক্রবার (১ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মো. নাঈম উল হক।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর সেতুর পশ্চিম পাশে বালুরগদি এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় কাঁচপুর সেতুর পিলারের খাদে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে র‌্যাবের টহলরত দলটি তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালায়।

র‌্যাব আরও জানায়, ব্যাগটি খুলে দেখা যায় এর ভেতরে দেশীয় তৈরি ৬টি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৬   ১৪ বার পঠিত