
আগামী মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি কেজি ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চালও সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নে মো. সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না। নির্ধারণ করা হয়ে থাকলে তা কী এবং খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কি না; হয়ে থাকলে তা কত?
জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:২৯:০৭ ২৮ বার পঠিত #আফরোজা খানম #খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি #গোপালগঞ্জ #ধান-চাল সংগ্রহ