মঙ্গলবার, ৫ মে ২০২৬

রাষ্ট্রকে প্রশ্ন করতে পারাটাই গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রকে প্রশ্ন করতে পারাটাই গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ৫ মে ২০২৬



রাষ্ট্রকে প্রশ্ন করতে পারাটাই গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,‘ সমাজ-রাষ্ট্রকে প্রশ্ন করার ক্ষমতা গণমাধ্যমের—এটা করতে পারাটাই গণমাধ্যমের দক্ষতা। এই প্রশ্ন করার ক্ষমতাকে কেউ ব্ল্যাকমেইলিংয়ের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগাতে চায়। তখন পেশাদার সাংবাদিকরা বেশ বিপদে পড়ে যান। সৎ সাংবাদিকদের সুরক্ষা আর অসৎ সাংবাদিকতার হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে।

বুধবার (৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নামমাত্র, অসৎ ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে পেশাদার সাংবাদিকরা পথে বসছেন। নানা রকম অপতৎপরতার কথা উঠে আসছে, সমাজে নানা রকম অভিযোগও চলে আসছে।’

তিনি আরো বলেন, ‘তথ্যের সংজ্ঞা বদলে গেছে, সাংবাদিকতার সংজ্ঞাও বদলে গেছে।
আগে সাংবাদিকতা বলতে যা বোঝাত, এখন সাংবাদিকতা বলতে তা আর বোঝায় না। সম্ভবত আমার সামনেও রেগুলার মিডিয়ার যে পরিমাণ উপস্থিতি, তার চেয়ে অনিয়মিত সংবাদমাধ্যমের উপস্থিতি কোনো অংশেই কম নয়।’

তথ্যমন্ত্রী সংবাদমাধ্যমের নীতিমালা সম্পর্কে বলেন, ‘সঠিক নীতিমালা নির্ধারণ করার সময় হয়েছে। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে চাই।
যে কারণে কোন পত্রিকার ছাপা সংখ্যা কত, কোন টেলিভিশনের প্রচার কত, এই বিষয়ে একটা সুষ্ঠু হিসাব থাকতে হবে। টিআরপির নামে অথবা ভুল ছাপার হিসাব দেওয়ার মাধ্যমে সরকারি সুবিধা পাওয়ার পদ্ধতি আর চলতে পারে না। আমরা একটি সঠিক নীতিমালার মাধ্যমে কোন সংবাদপত্র, কোন টেলিভিশনের গ্রহণযোগ্যতা কতটুকু আছে, তারও একটা ডিজিটাল ম্যানেজমেন্টের দিকে যেতে শুরু করব।’

তিনি বলেন, ‘সংবাদ জগৎকে অন্য কোনো মুনাফাভিত্তিক জগতের সঙ্গে তুলনা করা যায় না। গার্মেন্টস শিল্প জগৎ অথবা যেকোনো পণ্য উৎপাদনের শিল্পের সঙ্গে সংবাদপত্র শিল্পের তুলনা হয় না।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩২   ১২ বার পঠিত