রবিবার, ১০ মে ২০২৬

ফরিদপুরে হামে আক্রান্ত ছাড়াল ১১৩৬, মৃত্যু ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হামে আক্রান্ত ছাড়াল ১১৩৬, মৃত্যু ১০
রবিবার, ১০ মে ২০২৬



ফরিদপুরে হামে আক্রান্ত ছাড়াল ১১৩৬,  মৃত্যু ১০

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ মে সকাল ৮ টা পর্যন্ত জেলায় মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।
রবিবার (১০ মে) সকাল ৮ টা পর্যন্ত প্রকাশিত জেলার হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, সালথায় সর্বোচ্চ ২২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারী ও সদরপুরে ১৪ জন করে, আলফাডাঙ্গা ও ভাঙ্গায় ১২ জন করে, চরভদ্রাসনে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে মোট ৭৪০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০৬ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫০ জন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন এবং জেনারেল হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৮ জন এবং জেনারেল হাসপাতাল থেকে ১৮ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এখন পর্যন্ত মোট ৫ জনের নমুনায় হাম পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ফরিদপুর জেলার বাইরের কয়েকজন রোগীও রয়েছেন। তাদের মধ্যে গোপালগঞ্জ, মাগুরা, মাদারীপুর, রাজবাড়ী ও যশোর জেলার রোগীর তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০১:৪৪   ১০ বার পঠিত