
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের ধাওয়া খেয়ে নদে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নান্দিনা পূর্ব বাজার এলাকায় পুলিশ এই অভিযান পরিচালনা করে। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন মাদকাসক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে দৌড়ে পাশেই অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তারা সাঁতরে নদ পার হওয়ার চেষ্টা করলেও একজন মাঝনদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনা জানাজানি হওয়ার পরপরই জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি এবং তার পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, এই অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে চারজন মাদকসেবীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নদের পাড়ে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:৫৯ ১৯ বার পঠিত