![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া (২৪) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে। তিনি জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মজনু মিয়া তার নিজ বাড়ির পাশের একটি ধানখেতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বৃষ্টি থামলে পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য আবু তালেব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান,
”দুপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
এদিকে, সম্ভাবনাময় এই তরুণ নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২২:৩৫:২৮ ১২৭ বার পঠিত