![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোসেন আলী (২৫) নামে এক অটোরিকশা চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বগারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহত হোসেন আলী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের আমির হামজার ছেলে। তিনি এক সন্তানের জনক।
হোসেন আলীর পরিবার জানায়, রোববার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে নয়টার দিকে খবর আসে, বগারপাড় এলাকায় তিনি অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। সংবাদ পেয়ে তার বড় ভাই মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
”ছেলেকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে। ছেলের এখনো হুঁশ ফেরেনি। সে শুধু ঘুম ঘুম অবস্থায় রয়েছে এবং কোনো কথা বলতে পারছে না। জ্ঞান ফিরলে হয়তো বিস্তারিত জানা যাবে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিউল হক জানান, আহত চালককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চেতনানাশকের প্রভাব কেটে গেলে তার অবস্থা স্বাভাবিক হবে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৯ ৩০৯ বার পঠিত