মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

সাংবাদিক সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাঠপর্যায়ের সাংবাদিক ও সংগঠনের সদস্যসহ ৫১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, সমাজে কতিপয় সাংবাদিকের কারণে আমাদের নানা সমালোচনার মুখোমুখি হতে হয়। সেখানে সাংবাদিক বিদ্যুতের মতো কিছু মানুষ মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর নামে ফাউন্ডেশন গড়ে সমাজের উন্নয়নে দীর্ঘ বছর যাবৎ কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের জীবন উন্নয়নে ধর্মীয় পড়াশোনাও জরুরি। মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর জীবনাদর্শ ধারণ করে আমাদের জীবন অতিবাহিত হোক।

বর্তমান সময়ে আইনের প্রতি সাধারণ মানুষের অনীহার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, রামিসা, তক্বী, চঞ্চল, সাংবাদিক সাগর-রুনীসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানাই। বিচার ব্যবস্থা যদি সাধারণ মানুষের আস্থার জায়গা না হয়, তবে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে। প্রয়োজনীয় সংশোধন করে দ্রুত মামলার নিষ্পত্তি ও রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে। হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এটাই কামনা করছি।

উক্ত আয়োজনের প্রধান আলোচক আফজাল হোসেন পন্টি বলেন, বর্তমানে বিভিন্ন মিডিয়ার মালিকরা ঢাকায় বসে আমাদের কাজের সমালোচনা করেন, কিন্তু জেলা প্রতিনিধিদের বেতনের কথা ভাবেন না। বদনামের সময় আমরা সামনে থাকি, অথচ আমাদের কাজ ও কষ্ট কেউ দেখে না। সবাই অবহেলার চোখে দেখে, বৈষম্য ও বিভাজন তৈরি করে। সাংবাদিকদের চ্যালেঞ্জ অনুধাবন করা জরুরি। হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সাংবাদিকদের জন্য ভাবনার প্রশংসা করে তিনি এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, আমি শিক্ষাজীবন থেকেই ধর্মের প্রতি অনুগত হয়ে আল্লাহর রাসুলের প্রেমে অন্ধ ছিলেন এমন হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে এই ফাউন্ডেশন গড়ে তুলি। এই ফাউন্ডেশনের মাধ্যমে ১৯৯৮ সাল থেকে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে চলছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের জন্য এই ঈদ উপহার প্রদান। সবার কাছে দোয়া চাই, যেন জীবদ্দশায় সর্বদা মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে পারি।

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, এইচ এম সেকান্দার আলী, মোজাম্মেল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মো. আসলাম মিয়া, সাদ্দাম হোসেন মির্জা, শাহিন আহমেদ, সুজন ও শাহ আলম মোল্লা।

এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাইয়ুম খান, মোক্তার, সোনিয়া দেওয়ান প্রীতি, জসিম উদ্দিন, মো. লিটন হোসেন, তারেক হোসেন, আক্তার হোসেন, মশিউর রহমান, সেন্টু, জহিরুল, সাজু হোসেন, নূর ইসলাম, শাহজাহান মাসুম, জুয়েল রানা, শাহীন ভান্ডারী, উজ্জ্বল, আয়ান, মিঠুন, জহিরুল ইসলাম, মনির হোসেনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩১   ৭ বার পঠিত