সোমবার, ১ জুন ২০২৬

সরিষাবাড়ীতে গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর
সোমবার, ১ জুন ২০২৬



সরিষাবাড়ীতে গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বসতবাড়িতে গভীর রাতে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত চারটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েল। সম্প্রতি এলাকায় তাঁর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে শনিবার রাতে তিনি স্থানীয় কিছু লোকজনের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন।

অভিযোগ উঠেছে, এই বিরিয়ানি বিতরণ ও জুয়েলের ক্রমবর্ধমান জনসমর্থনে ক্ষুব্ধ হয়ে সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ খানের সমর্থকরা রোববার গভীর রাতে ভাটারা পশ্চিমপাড়া গ্রামে তাণ্ডব চালায়।

হামলাকারীরা ভাটারা পশ্চিমপাড়া গ্রামে অতর্কিত প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো হলো-
খলিলুর রহমানের বাড়ির টিনের বাউন্ডারি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ক্ষতি সাধন করা হয়।
শেখ হোসেন জামান জুয়েল এর ব্যক্তিগত পোল্ট্রি ফার্মের প্রবেশপথের প্রধান গেটটি ভেঙে ফেলা হয়।
লুৎফর রহমান লালুর বসতবাড়ির ঘরের বেড়া ভাঙচুর করা হয়। মজিবর রহমানের বসত ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে দেওয়া হয় এবং স্টিলের দরজা পিটিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী লুৎফর রহমান লালু বলেন, “শেখ হোসেন জামান জুয়েল একজন ভালো মানুষ। আমরা তাঁর সমর্থক হওয়ায় এবং তাঁর দেওয়া বিরিয়ানি খাওয়ার অপরাধে হারুন অর রশীদ খানের লোকজন গভীর রাতে আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। আমরা এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগীরা আরও জানান, প্রতিপক্ষের ক্রমাগত হুমকির কারণে তারা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, এমনকি থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নিতেও ভয় পাচ্ছেন।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হোসেন জামান জুয়েল বলেন, ‌”আমার ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ খান এলাকায় নিজের আধিপত্য ধরে রাখতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই তাঁর লোকজন আমার সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হারুন অর রশিদ খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, “এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:২৮:১০   ৭২ বার পঠিত