![]()
নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (১ জুন) নগর ভবনের প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
নাসিক সূত্রে জানা গেছে, বৈঠকে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) প্রকল্প, পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপনসহ নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সিআরবিসির প্রতিনিধিদল নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থানও ঘুরে দেখেন তারা।
পরিদর্শন শেষে সিআরবিসির প্রতিনিধিরা নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে আলোচিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। একই সঙ্গে শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:০৭:২১ ১২ বার পঠিত