বুধবার, ১০ জুন ২০২৬

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ
বুধবার, ১০ জুন ২০২৬



ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ। পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সার্বিক কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে ওসি মো. আব্দুল আল মামুন শাহকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন,
“এই অর্জন শুধু আমার একার নয়; সদরপুর থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের আন্তরিক পরিশ্রম, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আমরা ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব।”

এদিকে সদরপুর থানার ওসির এ অর্জনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আরও কার্যকর পুলিশি সেবা পাবে।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ড পর্যালোচনা, সেবার মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। ওসি মো. আব্দুল আল মামুন শাহের এই অর্জন সদরপুর থানার জন্যও একটি গৌরবজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪২   ১১ বার পঠিত