
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে প্রবাসীর কষ্টার্জিত প্রায় অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং টাকা ফেরত চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী রবিউল ইসলামের ভাই মো. রেজাউল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত নারীর নাম মোছা. সুমাইয়া আক্তার সাথী (৩২)। তিনি সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের সেলিম মন্ডলের মেয়ে এবং শিমলা বাজার এলাকার ‘সাথী কসমেটিক্স’ এন্ড বস্ত্র বিতান’-এর স্বত্বাধিকারী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রেজাউল ইসলামের ভাই রবিউল ইসলাম দীর্ঘ ১৯-২০ বছর ধরে সৌদি প্রবাসী। প্রবাসে থেকেই তিনি তার স্ত্রী সুমাইয়া আক্তার সাথীকে সন্তানদের পড়াশোনার খরচের জন্য ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪০ লাখ টাকা পাঠান। এছাড়া প্রতিবার ছুটিতে দেশে আসার সময় তিনি ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে আসেন, যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
পরবর্তীতে শিমলা বাজারে দোকান দেওয়ার কথা বলে প্রবাসীর স্ত্রী সাথী তার স্বামীর কাছ থেকে আরও ১০ লাখ টাকা নেন। এই টাকা জোগাড় করতে প্রবাসীর পরিবার তাদের গ্রামের বাড়ির জমি বন্ধক ও গবাদিপশু বিক্রি করতে বাধ্য হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রবাসীর পাঠানো অর্থে ব্যবসা পরিচালনা করার সুবাদে ওই নারী একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি প্রবাসী স্বামী জানতে পেরে সন্তান ও পরিবারের কথা চিন্তা করে তাকে শুধরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে প্রায় ৭-৮ মাস আগে তিনি রবিউল ইসলামকে তালাক দেন এবং পরবর্তীতে বিষয়টি গোপন রেখে এক পুলিশ সদস্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রবাসীর পরিবার স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা করার ও পাওনা টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্ত নারী টালবাহানা শুরু করেন। সর্বশেষ গত ২০ অক্টোবর বিকেল চারটার দিকে বাদীরা শিমলা বাজারে সাথীর দোকানের সামনে গিয়ে পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরত চান। এ সময় অভিযুক্ত সুমাইয়া আক্তার সাথী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন।
সর্বশেষ রবিবার(১৫ নভেম্বর) সরিষাবাড়ী থানায় বিষয়টি মীমাংসার দিন ধার্য থাকলেও বাবার অসুস্থতার অজুহাতে অভিযুক্ত সাথী সালিশে উপস্থিত হননি। দীর্ঘ প্রবাস জীবনের সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে প্রবাসীর পরিবার।
অভিযুক্ত সুমাইয়া আক্তার সাথী জানান, “আমার সাবেক স্বামীর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় আমি অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৪:২১ ২ বার পঠিত