চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী

চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ‘১০ম চায়না–সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলা–২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ শুধু সম্মানের বিষয় নয়, বরং এটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। এ আয়োজন দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।

আগামী ১৬ জুন পর্যন্ত চলমান এ আন্তর্জাতিক মেলায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক অংশগ্রহণ করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় এবং কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের প্রধান রফতানি খাতগুলোর পণ্য প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, টেক্সটাইলস, ওষুধশিল্প, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক পণ্য এবং হস্তশিল্প।

এর আগে সকাল ৯টায় থিম কান্ট্রি হিসেবে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। পরে মন্ত্রী প্যাভিলিয়নের বিভিন্ন স্টল পরিদর্শন করে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সভাপতিত্বে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার, লাওসের উপ-প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী, নেপালের ডেপুটি স্পিকার, সার্ক মহাসচিব এবং সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আখতার হোসেন এমপি, মো. খালেদ হোসেন মাহবুব এমপি, সুলতানা জেসমিন এমপি, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, কুনমিংস্থ বাংলাদেশের কনসাল জেনারেলসহ বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলার প্রথম দিনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইয়ান ডং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এদিকে, এক্সপোর সাইডলাইন ইভেন্ট ‘বিগ মার্কেট ফর অল: এক্সপোর্ট টু চায়না’-তে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ চীনে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন।

আগামীকাল (১২ জুন) এক্সপো প্রাঙ্গণে ‘বাংলাদেশ ডে’ উদযাপন হবে, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ সম্ভাবনা এবং রফতানি সক্ষমতা আন্তর্জাতিক মহলের সামনে আরো বিস্তৃতভাবে তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ