শনিবার, ২০ জুন ২০২৬

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে দলিল লেখক সমিতির জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে দলিল লেখক সমিতির জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ২০ জুন ২০২৬



৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে দলিল লেখক সমিতির জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বাংলাদেশ দলিল লেখক সমিতির ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এম. এ. রশিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কে. এস. হোসেন টমাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হক মিয়া।
ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলী আহমেদ, গোলাম মহিউদ্দিন, আব্দুল কুদ্দুস শেখ, মিজানুর রহমান মিজান, মামুনুর রশিদ মিয়া, মো. সোহাগ পারভেজ, মোহাম্মদ রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব আমিরুল ইসলাম আকন, আলহাজ ফিরোজ আলম ও এস এম আয়নাল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়সঙ্গত দাবি আদায় এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত ৭ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব দাবি বাস্তবায়িত হলে দলিল লেখকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং জনগণের সেবার মান আরও উন্নত হবে।
সম্মেলনে ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখকরা অংশগ্রহণ করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত দলিল লেখক সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিয়া দত্ত। এতে দেশের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দলিল লেখক সমিতির তিনজন প্রয়াত সদস্যের পরিবারের মাঝে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সহায়তা পাওয়া পরিবারের সদস্যদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রয়াত সদস্য মো. আবুল কালাম আজাদের স্ত্রী নুরুন্নাহার বেগম।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২০২৯ মেয়াদের জন্য ৭১ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের দাবি-দাওয়া আদায় ও দলিল লেখকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:২০   ৬ বার পঠিত