রবিবার, ২১ জুন ২০২৬

ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার
রবিবার, ২১ জুন ২০২৬



ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত সওজের অধিগ্রহণকৃত ও রেকর্ডীয় জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা মার্কেট ভবন নির্মাণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হামজা (পিতা-মৃত আব্দুস সালাম), গ্রাম-শলাকুন্ডকে একাধিকবার সওজ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ও ভেঙে ফেলা হয়। অভিযানের সময় উদ্ধার হওয়া ইট ও বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
অভিযানে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ সময় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম উপস্থিত থেকে সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানে সওজের প্রায় ৩১ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৫   ৮ বার পঠিত