
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলায় এই রায় গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন ইসরায়েলি আইন বিশেষজ্ঞরা।
তাদের আশঙ্কা, রাষ্ট্রের সরাসরি গণহত্যার দায় নির্ধারণ এবং গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আইসিজের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলাটিকে প্রভাবিত করতে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা আইসিজের এই রায়কে ‘বিপজ্জনক নজির’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের মতে, মিয়ানমারের ক্ষেত্রে আদালতের নেওয়া নীতিগত অবস্থান সরাসরি ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগ করা না গেলেও এর মাধ্যমে নতুন আইনি পথ তৈরি হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, এই রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা যেতে পারে এবং গণহত্যার উদ্দেশ্যও প্রমাণ করা সম্ভব।
এ কারণে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিচারিক মূল্যায়নে রায়টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করার ক্ষেত্রে এটিই আদালতের প্রথম রায়।
গাজা মামলায় কী প্রভাব পড়তে পারে
দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, গাজায় সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করেই মামলাটি করা হয়।
ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের আইনজীবী তামি ক্যানার বলেন, মিয়ানমারসংক্রান্ত রায়টি একটি গুরুত্বপূর্ণ নজির, যা ইসরায়েলের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী বলে নির্ধারণ করেছেন।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউভাল শানির মতে, মিয়ানমারের বিষয়ে আদালতের এই সিদ্ধান্ত ইসরায়েলের উদ্বেগের কারণ হওয়া উচিত।
তিনি বলেন, গণহত্যার অভিযোগ প্রমাণের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা বা বক্তব্যের পরিবর্তে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সেখান থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত কী হতে পারে, তা বিবেচনা করা হচ্ছে।
গাজায় প্রাণহানি ও যুদ্ধবিরতি লঙ্ঘন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ হাজার ৭ জন।
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের সর্বশেষ রায়ের ফলে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি নতুন করে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে।
বাংলাদেশ সময়: ১৭:৪০:৫১ ৪ বার পঠিত #আন্তর্জাতিক বিচার আদালত #ইসরায়েলের বিরুদ্ধে গাজা মামলা #দক্ষিণ আফ্রিকা #রোহিঙ্গা গণহত্যা