আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার

প্রথম পাতা » আন্তর্জাতিক » আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জেনোসাইড চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।

তবে আদালতের এই রায় প্রত্যাখ্যান করে একে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক সরকার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়। তাঁর দাবি, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।’

গাম্বিয়ার দায়ের করা মামলার প্রায় সাত বছর পর এ রায় ঘোষণা করল আইসিজে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই আদালত কোনো রাষ্ট্রকে জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত করল।

নাৎসি হলোকাস্টের পর এটি চতুর্থ ঘটনা, যেখানে কোনো আন্তর্জাতিক আদালত জেনোসাইড প্রমাণের জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছে।

আদালতের বিচারকরা তাঁদের পর্যবেক্ষণে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করেছে। এ ছাড়া রোহিঙ্গা নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয়েছে। একই সঙ্গে শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া ও ধ্বংস করা হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার।

দেশটিতে সংঘাত ও সহিংসতার কারণে তাঁদের দুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছেন।

রায়ে বলা হয়েছে, মিয়ানমারকে তাদের অপরাধের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। এ ছাড়া মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের বিশাল শরণার্থীশিবিরগুলোতে বসবাসরত হাজারো রোহিঙ্গা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে কবে নাগাদ তাঁরা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে রায় দেয়। আদালতের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষমতা সীমিত।

আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের ৫০০ দিনেরও বেশি সময় কারাবন্দি রাখা হয়েছিল।

রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এর আগেও বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩৪   ৪ বার পঠিত   #  #  #  #







আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ