বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়

কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী আজ প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ লাভ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়।

সংসদ ভবনে পৌঁছে শিক্ষক-শিক্ষার্থীরা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান-এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। তারা সরাসরি বাজেট অধিবেশন পর্যবেক্ষণ করেন এবং সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ ও সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন।

শপথ কক্ষে আয়োজিত ব্রিফিং সেশনে শিক্ষার্থীদের সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হলে তারা গভীর আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

পরিদর্শন শেষে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে। শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন বলেন, জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। ক্রিসেন্ট লেকের সৌন্দর্য এবং বিশাল গ্রন্থাগার আমাকে মুগ্ধ করেছে। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারব না।

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না। সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।

পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় অতিথিবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অধিবেশন দেখার আগে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং পরে বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান। তারা বলেন, জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের আশা-আকাক্সক্ষা এবং সাংবিধানিক চর্চার প্রতীক। শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম।

সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। অনেক শিক্ষার্থী জানান, এতদিন তারা জাতীয় সংসদ ভবন সম্পর্কে শুধু বই ও টেলিভিশনের মাধ্যমে জেনেছে, বাস্তবে এসে তা দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো।

শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, সংসদ নেতা তারেক রহমান বিদেশ সফরে থাকায় তাঁকে দেখার সুযোগ না পেলেও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান-সহ মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন সংসদ সদস্যকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। তাদের মতে, এটি গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বিরল ও সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩২   ১২ বার পঠিত