শনিবার, ১৮ জুলাই ২০২৬

দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার

প্রথম পাতা » খুলনা » দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
শনিবার, ১৮ জুলাই ২০২৬



দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে বাগেরহাটের স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্বরে আয়োজিত স্কিল আইটির নির্মাণ ফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এ ধরনের আধুনিক আইটি প্রতিষ্ঠান দেশের দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির অবকাঠামো ও কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন। দক্ষ, কর্মঠ ও মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। বেকার শিক্ষিত যুবকদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

ডেপুটি স্পিকার বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। তিনি মরহুম আব্দুল লতিফ মাস্টারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি এ অঞ্চলের শিক্ষার প্রসারে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আলোকবর্তিকা ছিলেন।

বৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে এ প্রতিষ্ঠান ভবিষ্যতে দেশের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম (জগলু), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানি, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক জেলা ও দায়রা জজ ইখতিয়ার উদ্দিন এবং অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম (জগলু) জানান, স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজিতে প্রাথমিকভাবে নয়টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে আইটি, গ্রাফিক্স ডিজাইন, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা, সেলাই, ড্রাইভিংসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ। প্রতিটি ট্রেডে ৯০ জন প্রশিক্ষণার্থী তিন ও ছয় মাস মেয়াদি কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণকালীন ভাতা, সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের সনদ এবং ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাগেরহাটবাসীর মাঝে দুই হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। পরে তিনি বাগেরহাট আইনজীবী সমিতি ও জেলায় কর্মরত আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৮   ১০ বার পঠিত