![]()
কালকিনি,ডাসার প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ৮৪নং মহরদ্দির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয় কক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও নবগঠিত ম্যানেজিং কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া চারজন শিক্ষার্থীর সবাই কৃতিত্বের সাথে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে দুইজন ট্যালেন্টপুল এবং দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের কালামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন মাস্টার এবং বিশিষ্ট সমাজসেবক মোবারক হোসেন বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বাদল বিশ্বাস, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার, সমাজসেবক বাদল তালুকদার, কামরুল হাসান লিটন তালুকদার, ব্যবসায়ী আবুল বাসার হাওলাদার, মাওলানা আবুল হাসনাত হাওলাদার, শিক্ষানুরাগী ওবায়েদ বেপারী, মোশাররফ হোসেন হাওলাদার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সাইদুর রহমান, মতিউর রহমান বেপারী, হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন শিক্ষানুরাগী নেছার উদ্দিন আইয়ুব ও মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী নগদ অর্থ উপহার দেন। এছাড়া তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবনে আইয়ুবের পরিবারের পক্ষ থেকেও শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা দেওয়া হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার হাওলাদার শিক্ষার্থীদের মাঝে ১৫টি স্কুলব্যাগ উপহার দেন। পাশাপাশি সমাজসেবক বাদল তালুকদার, কামরুল হাসান লিটন তালুকদার ও মোশাররফ হোসেনও শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিদ্যালয়টির গৌরবময় অতীত রয়েছে। এখান থেকে পড়ালেখা শেষ করে অনেক কৃতী শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, লেখক, কলামিস্ট, বিসিএস ক্যাডার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। বিদ্যালয়ের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা স্মারক, নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:২২:৪৩ ৮ বার পঠিত