
বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালিয়ান নাগরিক, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
জুলাই গণআন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ০১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানে ‘জুলাই শহিদ দিবস’- এর তাৎপর্য নিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীগণ জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপট এবং এ আন্দোলনকে সর্বজনীন রূপ দেয়ার ক্ষেত্রে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে জুলাই গণআন্দোলনে আত্মদানকারী শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতকল্পে অঙ্গীকারবদ্ধ।” তিনি জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগ থেকে শক্তি ও প্রেরণা নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের পূর্ণ সুস্থতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০:৫৫:০৯ ৮ বার পঠিত