
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
আজ রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) এবং তুষার (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক উজ্জল কুমার সরকার জানান, ”দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই নারী হাসপাতালে পৌঁছানোর আগেই বা আনার পর মারা যান। বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩:০৯:১৮ ৪৭ বার পঠিত