
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। প্রায় ৩০ লাখ টাকা মূল্যের এই চালান জব্দ হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে দুই সন্দেহভাজন মাদক কারবারি।
সোমবার (২০ জুলাই) সকালে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১৯ জুলাই) বিকেলে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম বাজার এলাকায় অভিযান এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানের কাছে পৌঁছালে গাড়ির সঙ্গে থাকা দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪০ ৭ বার পঠিত