
সরিষাবাড়ী প্রতিনিধি : ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও জনভোগান্তি কমাতে এক অনন্য নজির স্থাপন করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড লিজা রিছিল। তাঁর একটি যুগান্তকারী ও ন্যায়নিষ্ঠ আদেশের মাধ্যমে দীর্ঘদিনের ভুল সংশোধন করে প্রকৃত মালিকের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে সমগ্র সরিষাবাড়ীবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একটি জমি নিয়ে ভুলবশত নামজারি (খারিজ) সম্পন্ন হওয়ার পর ভুক্তভোগী পক্ষ আংশিক সংশোধন বা বাতিলের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে হাজির করেন। শুনানি চলাকালীন বাদী-বিবাদী উভয় পক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং গত ০৮/০৭/২০২৬ খ্রি. তারিখে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দাখিলকৃত সরেজমিন তদন্ত প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।
রেকর্ড অনুযায়ী, পোগলদিঘা মৌজার আরএস ২৬৭৬ নং খতিয়ানের আরএস ৭১৪৩ নং দাগের মোট ২০ শতাংশ ভূমির মূল মালিক ছিলেন লোকমান আলী। তিনি ১৯৮৩ সালে বেলাল হোসেন নামের এক ব্যক্তির নিকট সাড়ে ৫ শতাংশ ভূমি সাব-কবলা দলিলমূলে হস্তান্তর করেন। ফলে মূল দাগে সাড়ে ১৪ শতাংশ ভূমি অবশিষ্ট থাকার কথা।
কিন্তু বিবাদীপক্ষ ভুলবশত ২২৫৪(ix-1)২০২৪-২৫ নং নামজারির মাধ্যমে ওই দাগের সম্পূর্ণ ২০ শতাংশ ভূমিসহ অন্য আরো সাড়ে ৮ শতাংশ মোট সাড়ে ২৮শতাংশ জমি নিজেদের নামে খারিজ করে নেন। তদন্তে এই ভুলের সত্যতা প্রমাণিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল উভয় পক্ষের উপস্থিতিতে আইনি নথিপত্র পর্যালোচনা করে বিবাদীপক্ষের নামে মঞ্জুরীকৃত পূর্বের ২২৫৪(ix-1)২০২৪-২৫ নং নামজারিটি (সংশোধিত ৫৯৬৬ নং খতিয়ান) আংশিক সংশোধনের নির্দেশ দেন। আদেশে আরএস ৭১৪৩ নং দাগে বিবাদীপক্ষের জন্য আইনসংগত সাড়ে ১৪ শতাংশ ভূমি রেখে অবশিষ্ট অংশ কর্তন করে মূল খতিয়ানে ফেরত দেওয়ার তাৎক্ষণিক আদেশ প্রদান করেন। একই সাথে আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়ে তা দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একজন সরকারি কর্মকর্তার এমন নিরপেক্ষ, দ্রুত এবং জনবান্ধব সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে ভূমি অফিসের প্রতি আস্থা বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, লিজা রিছিলের এই প্রশংসনীয় উদ্যোগ সরিষাবাড়ীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৫ ২২৭ বার পঠিত