![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের (SEND) শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের আওতায় এ্যাসিসটিভ ডিভাইস (হুইলচেয়ার) বিতরণ করা হয়েছে।
রবিবার(২৬ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আটজন অটিস্টিক শিশুর মাঝে এই হুইলচেয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১, জামালপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ”বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তারা অবহেলার পাত্র নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। বর্তমান সরকার এই শিশুদের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আজকের এই হুইলচেয়ার বিতরণ তাদের শিক্ষা ও চলাফেরাকে আরও সহজ করবে। আসুন, আমরা সবাই মিলে এই নিষ্পাপ শিশুদের পাশে দাঁড়াই এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিই।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, ”উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা যাবে না। আজকের এই ক্ষুদ্র প্রয়াস তাদের বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে। ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস পাশে থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশুদের হাতে হুইলচেয়ার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। হুইলচেয়ার পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩০ ৭৪ বার পঠিত