![]()
যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পেস নিডল স্থাপনার কাছে রোববার নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
সিয়াটল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে খুঁজছে পুলিশ। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই শহরের জনপ্রিয় পর্যটন এলাকায় একটি খাদ্য উৎসবে এ ঘটনা ঘটে।
সিয়াটল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সহকারী পুলিশ প্রধান টায়রোন ডেভিস জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে গুলির শব্দ শোনা যায়। দুজন ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয়দের জন্য এখন আর কোনো হুমকি নেই।
সিয়াটল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
এর আগে রোববার এক্সে দেওয়া পোস্টে পুলিশ জানায়, সিয়াটল সেন্টারের ঘটনায় ‘একাধিক ব্যক্তি’ গুলিবিদ্ধ হয়েছেন।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফুর্সন জানান, স্থানীয় পুলিশকে সহায়তা করতে স্টেট প্যাট্রোলের সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি এক্সে লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা উদ্ধারকর্মীদের প্রতি আমার প্রার্থনা রইল।’
সিয়াটলের মেয়র কেটি উইলসন এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতার ঘটনা’ বলে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, যারা সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন, তাদের পরিবারের প্রতিই এখন আমাদের সব মনোযোগ।’
তিনি ঘটনাস্থলে দ্রুত সাড়া দিয়ে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করায় সিয়াটল পুলিশের সদস্যদেরও ধন্যবাদ জানান।
হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালের ট্রমা সেন্টারে চারজনের চিকিৎসা চলছে।
সহকারী পুলিশপ্রধান ডেভিস বলেন, হাসপাতালে ভর্তি সবাই ‘স্থিতিশীল অবস্থায়’ রয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় টেলিভিশন চ্যানেল কেআইআরওকে জানান, একাধিক গুলির শব্দ শোনার পর তারা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও খাদ্য বিক্রেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ গ্রীষ্মকালীন উৎসব চলাকালে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৪ ৫ বার পঠিত