![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৭টা ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ইসদাইরের অক্টো অফিস শেরে বাংলা ছাত্রাবাসের সামনের তিন রাস্তার মোড় এলাকা থেকে মো. মুরাদ হোসেন সাব্বির (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুলের ছেলে। বর্তমানে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় ফারুক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৩৫:১৫ ৫ বার পঠিত