![]()
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রবিউল শেখ। মাত্র দুই বছর আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। এর পর থেকেই সংসার চালাবার মতো আর কেউ না থাকায়, বাধ্য হয়েই বয়সের তুলনায় ভারী দায়িত্ব কাঁধে তুলে নেয় কিশোর রবিউল। পড়ার টেবিল ছেড়ে জীবিকার তাগিদে সে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি শুরু করে।
সংসারের হাল ধরতে গিয়ে যখন রবিউলের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। তাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা দৃষ্টি আকর্ষণ করে সমাজের সহৃদয় ব্যক্তিদের।
রবিউলের শিক্ষা জীবন যেন থমকে না যায়, সে লক্ষ্যে তার পাশে এগিয়ে এসেছেন এলাকাধন্য ব্যক্তি অমল বাড়ৈ। তিনি রবিউলের পড়াশোনা ও সংসার চালানোর সহায়তায় নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
আজ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ আলী অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে এই অনুদানের অর্থ রবিউল শেখের হাতে তুলে দেন।
অনুদান প্রদানকালে আরও উপস্থিত ছিলেন: মো. আবুল বাসার, সিনিয়র ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান, সিনিয়র শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী।
উপস্থিত শিক্ষকরা অমল বাড়ৈ-এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও রবিউলের মতো অসহায় ও অদম্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অর্থ সহায়তা পেয়ে রবিউল ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৬:১৯:০৬ ২৭ বার পঠিত