রবিবার, ২ আগস্ট ২০২৬

নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
রবিবার, ২ আগস্ট ২০২৬



নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে এবং ঘটনার তদন্ত চলছে।

নিহত মাহফুজা আক্তার (৭) তারাকান্দি গ্রামের মো. ইদ্রিস আলী মোল্লা ও রওশনআরা বেগমের মেয়ে। সে রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে মাহফুজা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের দাবি, একই গ্রামের বাবলু শেখের নাতনি জান্নাতি (১০) কয়েক দফা মাহফুজার খোঁজ নিয়ে পরে তাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে জান্নাতি আবার এসে মাহফুজার বাবাকে জানায়, মাহফুজা নাকি তার এক বান্ধবীর বাড়িতে গেছে।

সন্ধ্যার পরও মাহফুজা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা মসজিদে মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় ১১টার দিকে তারাকান্দি গ্রামের বাবলু শেখের ভিটায় শিশুটির মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যদের দাবি, মাহফুজার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন ছিল।

নিহতের বাবা মো. ইদ্রিস আলী মোল্লা অভিযোগ করে বলেন, “বাড়ির সামনে সরকারি রেলওয়ের জায়গায় ঘাস লাগানো নিয়ে বাবলু শেখের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

তবে অভিযোগের বিষয় বাবলু সেক পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

পুলিশ জানায়, ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তারা হলেন— জরিনা বেগম (৫০), স্বামী: বাবলু শেখ; ফাতেমা (২২), পিতা: বাবলু শেখ; এবং সূর্য (১৪)।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর অভিযুক্ত হিসেবে অভিযোগ ওঠা বাবলু শেখ তার মেয়ে জান্নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০৪   ১৬ বার পঠিত