![]()
জামালপুর প্রতিনিধি : প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে বিয়ে। কিন্তু বিয়ের মাত্র দুই মাস পার হতেই এক বুক অভিমান নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ১৯ বছর বয়সী তরুণী সাদিয়া সাবরিন বৃষ্টি।
রোববার (২ আগষ্ট) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বইশের চর গ্রামে এই করুণ ঘটনাটি ঘটে। নিহত বৃষ্টি পোগলদিঘা কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের শিক্ষার্থী এবং একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের নূরুল ইসলাম কালুর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বইশের চর গ্রামের বাবলু মিয়ার ছেলে জাহিদুল হাসান জনির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই মাস আগে বিয়ে হয় বৃষ্টির। স্থানীয়রা জানান, বৃষ্টি অত্যন্ত মেধাবী, খেলাধুলায় পারদর্শী এবং কিছুটা জেদী স্বভাবের ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে মান-অভিমানের জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
জনির মা সুলতানা বেগম জানান, আজ রোববার দুপুরে পুত্রবধূ বৃষ্টিকে বাড়িতে রেখে তিনি তার ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যান। স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর তিনি পুত্রবধূর খোঁজ করতে তার ঘরে যান। ঘরে গিয়ে বিছানায় বৃষ্টিকে না দেখে ওপরের দিকে তাকাতেই দেখতে পান, ঘরের ধর্নার (আড়া) সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বৃষ্টি ঝুলছেন। শাশুড়ির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, ”সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
এদিকে মাত্র দুই মাসের মাথায় প্রেমের বিয়ের এমন অনাকাঙ্ক্ষিত ও করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৭ ৬ বার পঠিত