বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নৌপরিবহন খাতের টেকসই পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত “নৌযান শুমারি ২০২৬” উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নৌযান শুমারি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। নৌযানের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকার নৌযানের মালিক, শ্রমিক ও নৌপরিবহন সংক্রান্ত যেকোনো বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।” শুমারি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

সভায় উপস্থাপিত তথ্যে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় ঘাটভিত্তিক নৌযানের সংখ্যা ৩,১২৩টি এবং থানাভিত্তিক নৌযান ৮২টি। সব মিলিয়ে জেলায় মোট নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২০৫টি।

আয়োজকরা জানান, এই শুমারির আওতায় সমুদ্র, নদী, অভ্যন্তরীণ জলসীমা এবং বিভিন্ন রিসোর্টে পরিচালিত সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে কেবল বর্ষাকালে চলাচলকারী, সারাবছর চলাচলকারী এবং রিসোর্টগুলোতে ভাড়াভিত্তিক নৌযানও গণনা করা হবে। দেশে প্রথমবারের মতো এ ধরনের সার্বিক তথ্য সংগ্রহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা ভবিষ্যতে নৌপরিবহন খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, পরিসংখ্যান বিভাগের উপপরিচালক ওবায়দুর রহমান, উপপরিচালক মাসুদুল হাসান তাপস, জেলা সমবায় কর্মকর্তা আবু জাফর, বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপস্থিত অংশীজনরা শুমারি কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৭   ৭ বার পঠিত