
যখন দেশকে নতুন করে গড়ে তোলার জন্য এই পথচলা শুরু হয়েছে, আমাদের প্রিয় নেতা কাজ শুরু করেছেন, চতুর্দিকে একটা নতুন দেশ গড়ার আন্দোলন শুরু হতে যাচ্ছে; সেই সময় একটা মহল দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা বোধহয় অবধারিত, আমার কাছে মনে হয়; এটা আমাদের নিয়তির মতো- যে আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরেই পড়ে।
আজ শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭৫ সালে সেই ধ্বংসস্তূপের পর থেকে দেশকে গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান, একইভাবে বেগম খালেদা জিয়া দেশকে গড়ে তুলেছেন। আজকে আবার দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র, আমাদের সবার প্রিয়- যার দিকে আমরা তাকিয়ে আছি, তারেক রহমানের দিকে। এবং এই কথাটা এখানে উপস্থিত প্রতিটি মানুষ বিশ্বাস করে। এই কয়েক মাসের মধ্যে আপনার চলাচল, আপনার আচরণে আপনি জনগণের সামনে যে জিনিসটা তুলে ধরতে পেরেছেন- অত্যন্ত সরলতার সাথে, সহজের সাথে, অত্যন্ত মিতব্যয়িতার সাথে কিভাবে চলতে হয়, কিভাবে এগোতে হয়- সে জিনিসটা আপনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে আমরা আবার জেগে উঠতে সক্ষম হব।’
অভিযোগ করে তিনি বলেন, যখন দেশকে নতুন করে গড়ে তোলার জন্য এই পথচলা শুরু হয়েছে, আমাদের প্রিয় নেতা কাজ শুরু করেছেন, চতুর্দিকে একটা নতুন দেশ গড়ার আন্দোলন শুরু হতে যাচ্ছে; সেই সময় একটা মহল দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম অব গভর্মেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের ভেতরে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহল রাজপথে নেমে এসেছে। আমি মনে করি যে অত্যন্ত অন্যায়ভাবে তারা এ কাজটি করছে দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন যেটা দরকার, তা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নতুন করে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের একটা রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চাই।
বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৬ ৯ বার পঠিত