সোমবার, ১০ আগস্ট ২০২৬

দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
সোমবার, ১০ আগস্ট ২০২৬



দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে দুরসম্পর্কের বিধবা ভাতিজার বউকে বিয়ে করার অপরাধে শফিকুল ইসলাম মোল্লা (৫১) নামের এক ব্যক্তির বাড়িঘরে হামলা, দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার পর প্রাণভয়ে দ্বিতীয় স্ত্রী (সাবেক ভাতিজা বউ)-কে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই দম্পতি। পাশাপাশি স্থানীয় এক কুচক্রী মহলের প্ররোচনায় তাদেরকে সমাজচ্যুত (একঘরে) করা হয়েছে বলে জানান শফিকুল।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হাটবাড়ী গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে মারা যান। স্বামীর মৃত্যুর পর তাঁর স্ত্রী ঝর্ণা আক্তার (৩০) দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। শাহজাহান মোল্লা নাতি-নাতনিদের কোনো খোঁজখবর ও ভরণপোষণ না দেওয়ায়, অসহায়ত্বের কথা বিবেচনা করে ঝর্ণা আক্তার একই এলাকার মৃত তোফাজ্জল হোসেন মোল্লার ছেলে শফিকুল ইসলামকে বিয়ের প্রস্তাব দেন। পরে শফিকুল বিধবা নারীর অসহায়ত্বের কথা চিন্তা করে গত ১২ জুলাই আইনসম্মতভাবে কাবিন রেজিস্ট্রি করে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং শফিকুল পিতৃহারা ওই সন্তানের দায়িত্ব নেন।

​তবে বিয়ের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ঝর্ণার সাবেক শ্বশুর শাহজাহান মোল্লা। জানা যায়, ছেলেকে বিয়ে করানোর সময় শাহজাহান মোল্লা পুত্রবধূকে ২০ শতাংশ জমি লিখে দিয়েছিলেন। ছেলের মৃত্যুর পর তিনি সেই জমি ফেরত চাইলে ঝর্ণা তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। পরবর্তীতে বিধবা পুত্রবধূ দুরসম্পর্কের চাচা শ্বশুর শফিকুলকে বিয়ে করায় শাহজাহান মোল্লা আরও ক্ষিপ্ত হয়ে শফিকুলের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হুমকি দিতে শুরু করেন। স্থানীয় কিছু অসাধু ব্যক্তিকে সঙ্গে নিয়ে শফিকুলের বিরুদ্ধে থানায় অভিযোগসহ নানা অপতৎপরতা চালান তিনি।

​পরবর্তীতে গত ১৫ জুলাই সকালে শাহজাহান মোল্লা ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ শফিকুল ইসলামের বসতবাড়ীতে চড়াও হন। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হলে শফিকুল ঘরে ঢুকে আত্মরক্ষা করেন। হামলাকারীরা বসতবাড়ী ভাঙচুর করতে না পেরে প্রকাশ্যে খুন-জখম, জায়গা-জমি বেদখল, পুকুরের মাছ নিধন এবং বিষ প্রয়োগ করে ক্ষতির হুমকি দেয়। এ ঘটনার পর থেকে শফিকুল ও তাঁর নতুন স্ত্রী জীবন বাঁচাতে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে পলাতক রয়েছেন।

​অভিযোগের বিষয়ে জানতে শাহজাহান মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

​এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে শাহজাহান মোল্লাসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪১   ১১ বার পঠিত