মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন ও একটি ওয়ার্ড ছাত্রদলের তিন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু, দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাসেল মিয়া।

​মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নেতারা তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে পদত্যাগপত্রের ছবি পোস্ট করে এই ঘোষণা দেন।

​ইবনে হাসান ও রাসেল মিয়া পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু পদত্যাগের কারণ হিসেবে দলীয় ‘কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্নিত হওয়ার’ অভিযোগ তোলেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের খবরের বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার বলেন, “তিন নেতা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত পদত্যাগপত্র পাইনি।”

​উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল জানান, “পদত্যাগের বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। উপজেলা ছাত্রদলের হাতে এখনো কারও লিখিত পদত্যাগপত্র এসে পৌঁছায়নি।”

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৫   ৬ বার পঠিত