
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মধুমতি নদীর ভাঙনের আতঙ্কে থাকা নদীপাড়ের মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নেতাকর্মীদের নিয়ে তিনি ফরিদপুরের টগরবন্দ ইউনিয়নের শিকারপুর এলাকায় সরেজমিনে নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় এমপি ইলিয়াস মোল্লা নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভাঙনের পরিস্থিতি ও তাঁদের দুর্ভোগের কথা শোনেন। নদীর তীরে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হয়েছে বলেও দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুমতি নদীর ভাঙনে শিকারপুর এলাকার বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। তাঁরা দ্রুত কার্যকর ও স্থায়ীভাবে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিদর্শনকালে এমপি ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগের বিষয়। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। নদীপাড়ের মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও নদীভাঙনের সমস্যা তুলে ধরেন। তাঁদের দাবি, দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে নদীভাঙনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান এবং ছাত্রশিবিরের দায়িত্বশীল মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
মধুমতি নদীর ভাঙনকবলিত শিকারপুরে এমপি ইলিয়াস মোল্লার সরেজমিন পরিদর্শনে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নদীভাঙন রোধ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা তাঁদের।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:১২ ৫ বার পঠিত