
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন। বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর পাশাপাশি বামপন্থি রাজনৈতিক শক্তিগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় সেই ঐক্য ধরে রাখতে হবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এখনো ছয় মাস পূর্ণ হয়নি। কোনো সরকারকে মূল্যায়ন করতে হলে তাকে প্রয়োজনীয় সময় দিতে হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পথ তৈরি করতে চায়, তাদের এর দায় নিতে হবে। সামনের দিনেও যেকোনও ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী বলেন, রাজনৈতিক সংকট ও গণতন্ত্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫০ ১২ বার পঠিত